বিশ্বসেরা অলরাউন্ডার ও মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসানের শহরের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুষ্কৃতকারীরা। বুধবার (৫ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত সাকিবের পৈতৃক বাসভবনে এই আক্রমণের ঘটনা ঘটে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ পাশের প্রধান লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে ককটেল বা পেট্রোল বোমাসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। হঠাৎ বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত ৯টা ১৫ মিনিটের দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে।
তবে তাৎক্ষণিকভাবে এই হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, নিক্ষিপ্ত বস্তুটি পেট্রোল বোমা নাকি অন্য কোনো বিস্ফোরক, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। বিস্ফোরকটির ধরন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

