সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্ট প্রতিরোধে ব্যর্থতা এবং পরিচালনাগত গুরুতর অনিয়মের অভিযোগে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ফেসবুকের অভিভাবক প্রতিষ্ঠান ‘মেটা’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। বুধবার (৫ আগস্ট) ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি গুরুত্বপূণ ভিডিও ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সাময়িকভাবে সরিয়ে নেয় মেটা কর্তৃপক্ষ। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মেটার প্রতিনিধিদলকে তাৎক্ষণিক তলব করে এবং ঘটনার ব্যাখ্যা দিতে সিইও মার্ক জাকারবার্গকে তিন দিনের আলটিমেটাম বা চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয়। আলটিমেটামের পরিপ্রেক্ষিতে মেটার একটি গ্লোবাল প্রতিনিধি দল ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সরাসরি বৈঠক করে এবং জাকারবার্গের লিখিত ক্ষমা প্রার্থনার বার্তাটি হস্তান্তর করে।
উচ্চপর্যায়ের ওই বৈঠকে ভারতীয় আইটি মন্ত্রক মেটা কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দেয়, তারা আর আইটি অ্যাক্টের ‘সেইভ হারবার’ বা কেবল তথ্যের মধ্যস্থতাকারী হিসেবে ছাড় পাওয়ার যোগ্য নয়; কারণ তারা স্বয়ং অ্যালগরিদম দিয়ে ব্যবহারকারীদের কনটেন্ট নিয়ন্ত্রণ করে থাকে। আলোচনার সময় মেটার প্রতিনিধিরা স্বীকার করেন যে, প্ল্যাটফর্মটিতে অবৈধ কনটেন্ট বুস্ট করার পেছনে অর্থ লেনদেনের ঘটনা ঘটেছে এবং নিজেদের এই পরিচালনাগত অনিয়ম মেনে নিয়েছে তারা। পুরো বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মেটার শীর্ষ কর্মকর্তাদের আবারও সরকারের মুখোমুখি হতে হবে বলে জানা গেছে।

