আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, বিদ্বেষমূলক বা আদালতের মর্যাদা ক্ষুণ্ন করে এ ধরনের বক্তব্য ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত কোনো বাধা নেই। তিনি মঙ্গলবার (৪ আগস্ট) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, আদালতের নিষেধাজ্ঞা কেবল বিদ্বেষমূলক বা ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এমন বক্তব্যের ক্ষেত্রে প্রযোজ্য। এর বাইরে অন্য কোনো বক্তব্য প্রচার বা প্রকাশে আইনগত প্রতিবন্ধকতা নেই বলে তিনি উল্লেখ করেন।
শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে এ বিষয়ে নানা আলোচনা থাকলেও এর সত্যতা সম্পর্কে ট্রাইব্যুনালের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। তিনি আরও বলেন, শেখ হাসিনা বক্তব্য দেবেন কি না, কিংবা কোনো রেকর্ডকৃত বক্তব্য প্রচার হবে কি না এ বিষয়ে ট্রাইব্যুনালের কোনো মন্তব্য করার সুযোগ নেই।
চিফ প্রসিকিউটর আরও জানান, শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। ট্রাইব্যুনালের দায়িত্ব বিচারিক রায় বাস্তবায়নের প্রক্রিয়া নিশ্চিত করা এবং দণ্ড কার্যকরের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সরকারের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

