প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকার ধামরাইয়ে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল। এ দাবির সমর্থনে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের নেতৃত্বে থানা রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘন করেছেন। তারা তার বক্তব্যের নিন্দা জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ছাত্রদলের নেতারা আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করা না হলে এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

