যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের কারণে ৬৫ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে এখন পর্যন্ত প্রায় ৭০০টি বাড়িঘর পুড়ে গেছে বলে জানিয়েছে আমেরিকান রেড ক্রস। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পোকেন কাউন্টি, যেখানে শত শত বসতবাড়ি ধ্বংস হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল লাগানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগ আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ‘ওল্ড ট্রেইলস ফায়ার’ নামে পরিচিত বড় অগ্নিকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।
দাবানল নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী কাজ করছেন। কিছু এলাকায় আবহাওয়া অনুকূলে থাকায় আগুন নিয়ন্ত্রণে অগ্রগতি হলেও স্পোকেন ও স্টিভেন্স কাউন্টির আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শনিবার থেকে শুরু হওয়া এ দাবানলে প্রায় ৮ হাজার একর এলাকা পুড়ে গেছে।
এদিকে, বজ্রপাতের সূত্রে সৃষ্টি হওয়া সিনলাহেকিন দাবানলে প্রায় ৮৫ হাজার একর এবং লিটল জায়ান্ট ফায়ারে ওকানোগান-ওয়েনাচি জাতীয় বনের ৫১ হাজার একরের বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘস্থায়ী খরা, তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে চলতি বছরের দাবানল পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

