প্রধান খবর

রাশিয়ার ব্যস্ত সমুদ্রসৈকতে ভয়াবহ ড্রোন বিস্ফোরণে নিহত ৭: ইউক্রেনকে দায়ী

ইউক্রেনকে দায়ী করল মস্কোরাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের এক অত্যন্ত ব্যস্ত সমুদ্রসৈকতে একটি সামরিক ড্রোন বিধ্বস্ত হয়ে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন পর্যটক।

কৃষ্ণসাগর উপকূলের জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র আরখিপো-ওসিপোভকা গ্রামের কাছে মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মাধ্যমে যাচাই করা ভিডিও চিত্রে দেখা যায়, পাহাড়ঘেঁষা এলাকা দিয়ে একটি ড্রোন আচমকা দ্রুতগতিতে উড়ে এসে সৈকতের ওপর আচড়ে পড়ে ও বিকট শব্দে বিস্ফোরিত হয়।

ঘটনার মুহূর্তে সেখানে বিপুলসংখ্যক পর্যটক রোদ পোহানো ও সমুদ্রে স্নানে ব্যস্ত ছিলেন, ফলে বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই পুরো এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ও হুড়োহুড়ি পড়ে যায়। আহতদের মধ্যে অন্তত ১৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ এই ঘটনাকে বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃত হামলা বলে আখ্যা দিয়েছেন এবং এর জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করেছেন।

তবে অভিযোগের বিষয়ে ইউক্রেন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।ড্রোনটির আসল লক্ষ্যবস্তু কী ছিল তা এখনো অস্পষ্ট। তবে প্রযুক্তিগত বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার শক্তিশালী ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থার কারণে ড্রোনটি দিকভ্রান্ত হয়ে জনবহুল সৈকতে আছড়ে পড়ে থাকতে পারে। অপরদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের ঠিক আগে আকাশে মেশিনগানের গুলির শব্দ শোনা গিয়েছিল, যা থেকে ধারণা করা হচ্ছে যে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ভূপাতিত করার চেষ্টা চালাচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *