সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথমবারের মতো একই আন্তর্জাতিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। ৫ আগস্ট নয়াদিল্লিতে ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এই বিশেষ সংবাদ সম্মেলন ঘিরে দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে নতুন করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
আয়োজক সংস্থার তথ্য অনুযায়ী, আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ভার্চুয়াল এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে শেখ হাসিনা মূল বক্তব্য রাখবেন এবং আন্তর্জাতিক সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন। এই প্যানেলে শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, মানবাধিকার কর্মী মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন, শাহ মো. বখতিয়ার এবং সাকিব আল হাসান যুক্ত থাকবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেন শেখ হাসিনা। ২০২৪ সালের নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসান রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ দিন দেশের বাইরে অবস্থান করলেও রাজনীতি নিয়ে কখনোই কোনো প্রকাশ্যে বক্তব্য দেননি। ফলে দীর্ঘ নীরবতার পর শেখ হাসিনার সঙ্গে একই প্যানেলে তার উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করছে।
আয়োজক সংগঠনের প্রধান জানান, মতপ্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার নীতি থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে এই সুযোগ দেওয়া হয়েছে এবং তিনি অডিওর মাধ্যমে সরাসরি যুক্ত থাকবেন। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান, কৌশল এবং বাংলাদেশে ফেরার বিষয়ে নানা দিকনির্দেশনা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

