বাবরি মসজিদ ধ্বংস তদন্ত কমিশনের প্রধান বিচারপতি লিবারহানের প্রয়াণ

ভারতের অযোধ্যায় ১৯৯২ সালের ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার তদন্তে গঠিতঐতিহ্যবাহী ‘লিবারহান কমিশন’-এর প্রধান বিচারপতি মনমোহন সিং লিবারহান আর নেই। গত ২ আগস্ট (রোববার) চণ্ডীগড়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। চণ্ডীগড়ে পরিবার, আত্মীয় ও দীর্ঘদিনের সহকর্মীদের উপস্থিতিতে গতকাল তার শেষকৃত্য সম্পন্ন হয়।

১৯৩৮ সালে জন্মগ্রহণ করা মনমোহন সিং লিবারহান ১৯৬৪ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯৭ সালে মাদ্রাজ হাইকোর্ট এবং ১৯৯৮ সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তাঁর সুদীর্ঘ বিচারিক জীবনে সবচেয়ে আলোচিত ও ঐতিহাসিক অধ্যায় ছিল বিতর্কিত বাবরি মসজিদ ধ্বংসের তদন্ত পরিচালনা করা।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রপন্থীদের হামলায় বাবরি মসজিদ ধ্বংস হওয়ার মাত্র ১০ দিন পর ভারত সরকার তাঁর নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিশন গঠন করে। দীর্ঘ ১৭ বছর ধরে ব্যাপক অনুসন্ধান ও ৪৩ বার মেয়াদ বৃদ্ধির পর ২০০৯ সালে তিনি ১ হাজার ২৯ পৃষ্ঠার এক বিস্তারিত প্রতিবেদন সরকারের কাছে জমা দেন। স্বাধীন ভারতের ইতিহাসে এটি অন্যতম দীর্ঘতম বিচার বিভাগীয় তদন্ত হিসেবে চিহ্নিত হয়ে আছে।

প্রতিবেদনে বিচারপতি লিবারহান স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে, বাবরি মসজিদ ধ্বংস কোনো আকস্মিক বা স্বতঃস্ফূর্ত ঘটনা ছিল না; বরং তা ছিল রাজনৈতিক ব্যক্তিত্ব ও কট্টরপন্থী সংগঠনগুলোর সুপরিকল্পিত চক্রান্তের ফল। তাঁর মৃত্যুতে ভারতের আইন ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জ্যেষ্ঠ আইনজীবী ও বিশিষ্টজনেরা তাঁকে একজন রসিক, প্রজ্ঞাবান ও নিরপেক্ষ বিচারক হিসেবে স্মরণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *