প্রধান খবর

ইরানে প্রবেশের চেষ্টা : মরুভূমিতে তীব্র গরমে ১৯ আফগান অভিবাসীর করুণ মৃত্যু

উন্নত জীবন ও জীবিকার সন্ধানে অবৈধভাবে ইরান সীমান্ত অতিক্রম করার সময় মরুভূমির নির্মম উত্তাপ ও খাবার পানির তীব্র সংকটে প্রাণ হারিয়েছেন ১৯ জন আফগান অভিবাসনপ্রার্থী। রোববার (২ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছে।

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বাদঘিস প্রদেশের একই গ্রামের বাসিন্দা ছিলেন ওই ১৯ জন পুরুষ। তারা উন্নত জীবন ও কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করে ইরানে ঢোকার চেষ্টা করছিলেন। তবে যাত্রাপথে মরুভূমির দুর্গম এলাকায় পথ হারিয়ে মারাত্মক পানিশূন্যতা ও তীব্র তাপপ্রবাহের কবলে পড়েন তারা।

নিমরোজের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক হাবিবুল্লাহ এলহাম জানান, নিখোঁজ আফগানদের উদ্ধারে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে নিমরোজের রিগ লালো মরুভূমি থেকে ১৪ জনের নিথর দেহ উদ্ধার করা হয়। এর আগে নিকটবর্তী কুখ্যাত ‘মৃত্যুর উপত্যকা’ হিসেবে পরিচিত দাশ্ত-এ মার্গো মরুভূমি থেকে আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সর্বশেষ ১৪ জনের লাশ পাওয়ার মাধ্যমে উক্ত অভিবাসী দলের ১৯ জন সদস্যেরই করুণ মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রাদেশিক মুখপাত্র আব্দুল মুতাওয়াকিল তাওয়াহিদি জানান, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে মরদেহগুলো উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছেন। ইরান ও পাকিস্তান সীমান্তবর্তী নিমরোজ প্রদেশটি আফগান অভিবাসনপ্রার্থীদের প্রধান ট্রানজিট রুট হলেও এটি অত্যন্ত বিপজ্জনক। গ্রীষ্মকালে এই অঞ্চলের বালিয়াড়ি ও রুক্ষ মরুভূমির তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। চরম আবহাওয়া ও পানিশূন্যতার ঝুঁকি সম্পর্কে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বারবার সতর্কতা সত্ত্বেও বেঁচে থাকার তাড়নায় প্রতিবছর হাজারো মানুষ এই মৃত্যুফাঁদে পা দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *