প্রধান খবর

এমপি ও ডিএনসিসি প্রশাসকের ওপর হামলার অভিযোগ

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, পরিচ্ছন্নতাকর্মীদের ওপর অতর্কিত হামলার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় হামলাকারীরা তাদের ওপরও আক্রমণ চালায় বলে অভিযোগ করা হয়েছে। ডিএনসিসির দাবি, একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের ভাড়াটে সন্ত্রাসীরা এ হামলার সঙ্গে জড়িত।

সংস্থাটির তথ্যমতে, হামলায় চারজন গুরুতর আহতসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহতদের উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে প্রশাসক ও সংসদ সদস্য হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, ঘটনায় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। পুলিশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *