প্রধান খবর

ফেনীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭

ফেনী শহরে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে ১৭ জন কিশোরকে আটক করা হয়। পরে তাদের মধ্যে ১১ জনকে অভিভাবকদের উপস্থিতিতে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত ফেনী মডেল থানা পুলিশের নেতৃত্বে শহরের মিজান রোড, ফেনী সরকারি কলেজ মাঠ এবং রাজাঝির দিঘির পাড় এলাকায় অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে কিশোরদের সম্পৃক্ততায় ছোটখাটো অপরাধ ও গ্যাং সংস্কৃতির বিস্তারের অভিযোগের পরিপ্রেক্ষিতে নজরদারি বাড়ানো হয়। অভিযানের সময় উদ্দেশ্যহীনভাবে অবস্থানরত ১৪ থেকে ১৯ বছর বয়সী ১৭ জন কিশোরকে থানায় নেওয়া হয়।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, আটক ১৭ জনের মধ্যে ১১ জনকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে না এ মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়। তিনি আরও জানান, কয়েকজন আটক কিশোর ফেনী জেলার বাইরের বাসিন্দা এবং যাদের অভিভাবক এখনো উপস্থিত হননি, তাদের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *