বাসায় একা পেয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুরে ১১ বছরের এক শিশু স্পর্শকাতর ও নির্মম নির্যাতনের শিকার হয়েছে। কর্মজীবী মা কাজে বের হয়ে যাওয়ার পর সুযোগ বুঝে ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে তার আপন খালু। আলোচিত এই ঘটনায় অভিযুক্ত রাশেদুল ইসলাম ওরফে উকিলকে (৪৩) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ১ আগস্ট (শনিবার) বিকেল তিনটার দিকে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কৈকুরী মধ্যপাড়া গ্রাম থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে র‌্যাব-১ ও র‌্যাব-১৩-এর একটি দল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী শিশুটি তার পোশাককর্মী মায়ের সঙ্গে গাজীপুর কাশিমপুরের সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করত। ঘটনার দিন, গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকালে শিশুটির মা প্রতিদিনের মতো কারখানায় কাজে চলে যান। ঘর খালি পেয়ে সকাল ১০টার দিকে লম্পট খালু রাশেদুল ইসলাম শিশুটির ওপর নির্মম পাশবিক নির্যাতন চালায়। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পরবর্তীকালে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পরপরই আসামিকে গ্রেপ্তারে ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে রংপুরের পীরগঞ্জে অভিযান চালিয়ে পলাতক রাশেদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।

র‌্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাশেদুল অপরাধের কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষ করার জন্য তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *