বাংলাদেশে উৎপাদিত হোন্ডা এনএক্স২০০ মোটরসাইকেল এবার মেক্সিকোর বাজারে রপ্তানি করা হচ্ছে। জাপানের হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (বিএসইসি) যৌথ উদ্যোগে পরিচালিত বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচপিএল) এ রপ্তানি কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারিত হলো।
রপ্তানি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ড. মো. শাকিরুল ইসলাম খান বলেন, সরকার উৎপাদন, বিনিয়োগ ও রপ্তানিবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। তাঁর মতে, মেক্সিকোতে মোটরসাইকেল রপ্তানি দেশের রপ্তানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিসাওয়া জানান, গুয়াতেমালার পর মেক্সিকোতে রপ্তানি সম্প্রসারণ প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার প্রতিফলন। তিনি স্থানীয় উৎস থেকে যন্ত্রাংশ সংগ্রহ বৃদ্ধি, উৎপাদন প্রতিযোগিতা শক্তিশালী করা এবং নতুন বৈশ্বিক বাজারে প্রবেশের লক্ষ্যে কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, মেক্সিকোতে এনএক্স২০০ রপ্তানি বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক মানের স্বীকৃতি বহন করে। একই সঙ্গে এ উদ্যোগ শিল্পায়ন, প্রযুক্তিগত উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও নতুন আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

