বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মাদ্রাসার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৪০) নামের এক নির্মাণ শ্রমিক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার গুলিয়াখালী ফাজিল মাদ্রাসায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে নয়ন নামের আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
নিহত আতিয়ার রহমান যশোর সদর উপজেলার আসাইল গ্রামের বদরুল আলমের ছেলে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, গুলিশাখালী বাজার সংলগ্ন ওই মাদ্রাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি নতুন ভবনের নির্মাণকাজ চলছিল। দুপুর ১২টার দিকে সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করার সময় হঠাৎ করে এক পাশের দেয়াল ধসে পড়ে। এতে সেখানে কর্মরত শ্রমিক আতিয়ার ও নয়ন ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়েন।
ঘটনার পরপরই স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অতিবৃষ্টি এবং উৎসুক জনতার ভিড়ের কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হলেও প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে আহত নয়নকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, খবর পাওয়ার পরপরই তাদের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

