ফিফার সাম্প্রতিক নীতিগত সিদ্ধান্তকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরিকল্পনা বাতিল হলেও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি আস্থা হারানোর কথা জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
উয়েফার এক বিবৃতিতে বলা হয়েছে, সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সম্মিলিত বিরোধিতার মুখে ফিফা পরিকল্পনা থেকে সরে আসলেও বিষয়টি এখানেই শেষ নয়। সংস্থাটি দাবি করেছে, ফুটবলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ঘটনার পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে এমন সিদ্ধান্ত যাতে পুনরায় না আসে, সে লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণের কথাও জানিয়েছে তারা।
উয়েফার অভিযোগ, ফিফা নেতৃত্ব পূর্বের স্বচ্ছতা ও সুশাসনের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। সংস্থাটির মতে, বিশ্ব ফুটবলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গোপনীয়ভাবে নেওয়ার চেষ্টা ফুটবল পরিবারে আস্থার সংকট তৈরি করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার বিষয়টি বিবেচনা করছে উয়েফা। যদিও এ বিষয়ে ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

