কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে দুর্ঘটনায় শৌভিক রয় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার একটি প্যারাসেইলিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত শৌভিক রয়ের বাড়ি খুলনা জেলায়। তিনি ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।
প্রাথমিক তথ্যে জানা গেছে, প্যারাসেইলিং চলাকালে তিনি নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সাগরের পানিতে পড়ে গুরুতর আহত হন। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর জেলা প্রশাসন, পর্যটন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্যারাসেইলিং প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

