জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (BAUAAA)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুলাই অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিন্টো এলাকার জমিদারবাড়ি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
বিদায়ী সভাপতি মো. আব্দুল ওয়ারেসের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বার্ষিক সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ড. মো. আসাদুজ্জামান সেলিম। প্রতিবেদনে বিগত বছরের সদস্য সংগ্রহ, ক্রীড়া প্রতিযোগিতা, বাংলাদেশের বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ এবং সফল গালা নাইটের বিবরণ তুলে ধরা হয়। পরবর্তীতে আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ, যা উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া আবুল সরকার ও ড. জিয়াউল হক বাবলুর নেতৃত্বে প্রস্তুতকৃত সংবিধান সংস্কার প্রস্তাবনাটি বিস্তারিত আলোচনা শেষে গৃহীত হয়।
সভার শেষ অংশে বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলে রিটার্নিং অফিসার ড. রফিকুল ইসলাম ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির তালিকা উপস্থাপন করেন। নতুন কমিটিতে মো. আব্দুল ওয়ারেস পুনরায় সভাপতি, ড. মো. আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক এবং ড. মুহাম্মদ নাজিম উদ্দিন কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সহ-সভাপতি পদে মো. নজরুল ইসলাম ও ড. জিয়াউল হক বাবলু, সহকারী সাধারণ সম্পাদক পদে সত্যজিৎ সাহা (আবির) এবং সাংগঠনিক সম্পাদক পদে উম্মে রাবেয়া জান্নাতুল ফেরদৌস দায়িত্ব পেয়েছেন। নবনির্বাচিত সভাপতি তাঁর শুভেচ্ছা বক্তব্যে সিডনিসহ সমগ্র অস্ট্রেলিয়ায় অবস্থানরত সকল কৃষিবিদদের ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

