লক্ষ্মীপুরে মাটি খননের সময় ৩টি রকেট বোমা সদৃশ বস্তু উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতিতে পৌরসভার পাইপলাইনের জন্য মাটি খনন করার সময় তিনটি রকেট বোমা সদৃশ ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। খবরটি জানাজানি হতেই পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজের পেছনে সমবায় টিএনটি রোড এলাকা থেকে উদ্ধার করা হয় এই বস্তুগুলো।

স্থানীয় সূত্র জানায়, পৌরসভার পানির সরবরাহ লাইনের কাজের জন্য শ্রমিকরা মাটি খনন করছিলেন। মাটির প্রায় ৩ থেকে ৪ ফুট গভীরে গিয়ে তারা তিনটি ভারী ও সন্দেহজনক ধাতব বস্তু দেখতে পান। বস্তুগুলোর বিশেষ আকৃতি দেখে রকেট বোমার সন্দেহ হলে শ্রমিকরা তৎক্ষণাৎ মাটি কাটার কাজ বন্ধ করে দেন। পরে রটে যাওয়া খবর শুনে সেখানে হাজারও উৎসুক মানুষ ভিড় জমান।

খবর পেয়ে রামগতি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে উদ্ধারকৃত ধাতব বস্তুগুলোর চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বস্তুগুলোকে রকেট সদৃশ বোমা বলেই মনে হচ্ছে। তবে এগুলো সত্যি কোনো সক্রিয় বোমা বা রকেট কি না, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা সম্পন্ন করার পর বস্তুগুলোর আসল পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *