ত্রয়োদশ জাতীয় সংসদে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই। তার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ।
বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। পরে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, এর ফলে সরোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে আইনি বৈধতা পেয়েছেন।
এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন সরোয়ার আলমগীরের প্রার্থিতা ও সংসদে যোগদান নিয়ে আইনি চ্যালেঞ্জ করেন। তবে হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করলে আপিল বিভাগের সর্বশেষ আদেশে সেই সিদ্ধান্তের কার্যকারিতা বহাল থাকে। আদালত একই সঙ্গে উল্লেখ করেছেন, নিয়ম অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থী চাইলে নিয়মিত আপিল করতে পারবেন।

