রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন সময়ে তিনি কোনো আইনি কার্যক্রমের মুখোমুখি হবেন না। তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষে কোনো অভিযোগ থাকলে প্রচলিত আইনের আওতায় ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দায়মুক্তি দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন সাংবিধানিক সুরক্ষা থাকলেও দায়িত্বের আগে বা পরে সংঘটিত অভিযোগের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া চালানো যেতে পারে।
সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিলের প্রসঙ্গে তিনি বলেন, আদালত স্বাধীনভাবে কাজ করে এবং সংক্ষুব্ধ যে কেউ আইনের আশ্রয় নিতে পারেন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তথ্য উপদেষ্টা। একই সঙ্গে তিনি বলেন, চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরুর বিষয়ে সরকারের অবস্থান বহাল রয়েছে এবং কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়াও চলমান।

