চিরকুট টাঙিয়ে নীরবে জন্মশহর ছাড়লেন স্কালোনি

বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর নিজ জন্মশহর পুখাতোতে কয়েকদিন কাটিয়ে নীরবে সেখান থেকে বিদায় নিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। বিদায়ের আগে কাউকে কিছু না জানিয়ে বাবা-মায়ের বাড়ির দরজায় একটি চিরকুট টাঙিয়ে রেখে যান তিনি, যেখানে লেখা ছিল, ‘লিও গত রাতে চলে গেছে! ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ।’

ফাইনালের পর মানসিকভাবে কঠিন সময় পার করলেও জন্মশহরের মানুষের ভালোবাসায় সিক্ত হন ২০২২ বিশ্বকাপজয়ী এই কোচ। কয়েকদিনে শত শত ভক্ত তার সঙ্গে দেখা করেন, ছবি তোলেন এবং শুভেচ্ছা জানান। এর আগে আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশে একটি আবেগঘন খোলা চিঠিও প্রকাশ করেছিলেন তিনি।

পুখাতোতে অবস্থানকালে স্কালোনি নিজের মতো সময় কাটান। বাইসাইকেলে শহর ঘুরে দেখার পাশাপাশি শৈশবের ক্লাব অ্যালামনি দে কাসিলদার একটি ম্যাচও উপভোগ করেন। তার উপস্থিতিতে ছোট্ট শহরটিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল।

স্কালোনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি পরিবারসহ স্পেনের মায়োর্কায় ফিরে গেছেন। আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আবারও আর্জেন্টিনা দলের দায়িত্বে দেখা যেতে পারে তাকে। এদিকে, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত থাকা তার চুক্তি নবায়ন হবে কি না, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *