ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট)-র প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নিজের অবস্থান থেকে একচুলও সরে আসছে না ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের পর দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা অপসারণ ছাড়া এই চলমান সংকট ও আন্দোলনের কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।
শুক্রবার (২৪ জুলাই) নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় সরকারের সঙ্গে সিজেপির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে শনিবার দুপুর পর্যন্ত আল্টিমেটাম বা চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি ও আন্দোলন আগের মতোই কঠোরভাবে অব্যাহত থাকবে।
উচ্চপর্যায়ের এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিত্ব করেন দলটির জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
উল্লেখ্য, এই বৈঠকের কয়েক ঘণ্টা আগেই আন্দোলনের অন্যতম শীর্ষ মুখ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক সরকারের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর তাঁর অনশন প্রত্যাহার করেন। তবে সিজেপি স্পষ্ট করেছে যে, সোনম ওয়াংচুক অনশন ভাঙলেও আন্দোলনের মূল রাজনৈতিক ও প্রশাসনিক দাবি এখনো বহাল রয়েছে।
বৈঠকের আগেই দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সরকারের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, সরকার যদি আন্দোলন সামাল দিতে চায়, তবে একমাত্র পথ হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ। প্রশ্নফাঁসের মতো বড় কেলেঙ্কারিতে সরকারের দায় এড়ানোর কোনো সুযোগ নেই এবং জবাবদিহি নিশ্চিত করতেই এই পদত্যাগ অপরিহার্য।

