শারীরিক অসুস্থতা ও দায়িত্ব পালনে অসামর্থ্যের কারণ উল্লেখ করে পদত্যাগপত্র পাঠিয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) স্পিকারের উদ্দেশে লেখা এবং তাঁর নিজ স্বাক্ষরিত এই পদত্যাগপত্রটি জাতীয় সংসদ সচিবালয়ে পৌঁছেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর দীর্ঘদিনের শারীরিক জটিলতা এবং নতুন করে শরীরে শনাক্ত হওয়া জটিল ব্যাধির কথা বিস্তারিতভাবে তুলে ধরেছেন।
পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনিজনিত মারাত্মক জটিলতায় ভুগছেন। ইতোমধ্যে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তাঁর শরীরে ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামক এক জটিল রোগ শনাক্ত হয়েছে, যার প্রভাবে তিনি প্রায়ই সাময়িকভাবে চেতনা হারিয়ে ফেলেন।
শারীরিক ও মানসিক এই অসামর্থ্যের কথা ব্যক্ত করে তিনি লেখেন, একের পর এক জটিল রোগের প্রাদুর্ভাবের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাঁর সুস্থতার জন্য দীর্ঘমেয়াদি ও নিবিড় চিকিৎসার প্রয়োজন।
চিঠির শেষ অংশে তিনি জানান, উদ্ভূত এই পরিস্থিতির মুখে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের স্পষ্ট বিধান অনুসরণ করে তিনি স্বেচ্ছায় রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন। পদত্যাগপত্রটির মাধ্যমে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বড় ধরনের প্রশাসনিক ও সাংবিধানিক পরিবর্তনের প্রক্রিয়া শুরু হলো।

