প্রধান খবর

মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এক দিনের সফরে মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহামান্য রাষ্ট্রপতির এই ঐতিহাসিক আগমণকে কেন্দ্র করে পুরো সিলেট নগরজুড়ে সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি গ্রহণ করা হয়েছে সর্বাত্মক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন রাষ্ট্রপতি। সেখান থেকে সরাসরি সিলেট সার্কিট হাউসে উপস্থিত হয়ে তিনি রাষ্ট্রীয় ‘গার্ড অব অনার’ গ্রহণ করবেন। এরপর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

রাষ্ট্রপতির যাতায়াতের রুট ও কর্মসূচি পালনের স্থানগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা হচ্ছে। শহরের রাস্তার ডিভাইডার, ঐতিহাসিক কিন ব্রিজ ও সার্কিট হাউসসহ প্রধান প্রধান স্থাপনাগুলো রঙিন করে সাজানো হচ্ছে। মাজার এলাকাতেও চালানো হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নিশ্চিত করেছেন যে, নাগরিক সংবর্ধনার সব আয়োজন শেষ পর্যায়ে এবং রাষ্ট্রপতিকে বরণ করে নিতে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

এদিকে মহামান্য রাষ্ট্রপতির নিরাপদ অবস্থান ও যাতায়াত নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এক বিশেষ সমন্বয় সভার আয়োজন করে। এসএমপি কমিশনার মো. সারোয়ার মুর্শেদ শামীমের সভাপতিত্বে আয়োজিত এই যৌথ সভায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), পিজিআর ও অন্যান্য গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। কমিশনার জানান, পুরো নগরজুড়ে সর্বোচ্চ সতর্কতার সাথে নিশ্ছিদ্র ট্রাফিক ও নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সফরসূচি শেষ করে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *