পদত্যাগ করতে পারেন দেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। আজ শুক্রবার (২৪ জুলাই) যেকোনো সময় তিনি নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন বলে জোরালো গুঞ্জন তৈরি হয়েছে। একাধিক আন্তর্জাতিক সূত্রের বরাতে এ খবর ছড়িয়ে পড়েছে।
খবরে প্রকাশ, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের এই পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে অবগত রয়েছেন। সরকারের উচ্চপর্যায়ের সম্মতি ও সার্বিক প্রক্রিয়ার পর রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আজই আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে পদত্যাগের এই চলমান বিষয়ের ওপর এখন পর্যন্ত বঙ্গভবন কিংবা রাষ্ট্রপতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত জানানো হয়নি।
এদিকে, রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দুই দিন আগেই নিজের নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে আজ দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
দেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র স্পিকারের নিকট জমা দিয়ে থাকেন। শুধু তা-ই নয়, পদত্যাগের পর নতুন কোনো রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সংবিধান অনুসারে স্পিকারই অস্থায়ীভাবে রাষ্ট্রপতির সব দায়িত্ব পরিচালনা করবেন।

