ভারত-বাংলাদেশ সীমান্তে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে বিএসএফের (সীমান্তরক্ষী বাহিনী) এক জওয়ানের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্য দুই সহকর্মী। চাঞ্চল্যকর এই ঘটনায় আরও একজন বিএসএফ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার বিকেল আনুমানিক পৌনে ৪টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এই ভয়াবহ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বৈষ্ণবনগরে বিএসএফের ১১৯ এবং ৭১ নম্বর ব্যাটালিয়নের মূল সদর দপ্তর অবস্থিত। বৃহস্পতিবার দুপুরে দুটি ব্যাটালিয়নের কয়েকজন জওয়ানের মধ্যে কোনো বিষয় নিয়ে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। তর্কের একপর্যায়ে ১১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান শিবম মিশ্র আচমকা ক্ষিপ্ত হয়ে তাঁর সহকর্মীদের লক্ষ্য করে নিজের আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোঁড়েন।
তাঁর ছোঁড়া গুলিতে ৭১ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ান-অজয় কুমার সিং (৫১) ও আম্বদর সুরেশ দরগু (৩৭) ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় একই ব্যাটালিয়নের বিকাশ ব্রহ্ম নামে আরেক জওয়ান গুরুতর গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জওয়ানদের মধ্যে অজয় কুমার সিং বিহারের ছাপরা এবং আম্বদর সুরেশ দরগু মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার বাসিন্দা। অন্যদিকে চিকিৎসাধীন আহত জওয়ান বিকাশ ব্রহ্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা বলে নিশ্চিত করা গেছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানানো হয়েছে, নিহত দুই সেনার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে অভিযুক্ত জওয়ান এত বড় কাণ্ড ঘটালেন, তা এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ এবং বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে এবং পুলিশ ও বিএসএফ পৃথকভাবে এ ঘটনার বিভাগীয় ও আইনি তদন্ত শুরু করেছে।

