‘মানবিকতার কোনো সীমান্ত নেই’-এই বার্তাকে সামনে রেখে নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার ম্যাকার্থার অঞ্চলের বাংলাদেশি ও নেপালি প্রবাসী কমিউনিটি। দীর্ঘদিনের বন্ধুত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতায় দুই কমিউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত হয় এক বিশেষ মানবিক তহবিল সংগ্রহ কর্মসূচি। রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২,২০০ অস্ট্রেলিয়ান ডলার অর্থ সংগ্রহ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার মিন্টোর ঐতিহ্যবাহী ‘জমিদার বাড়ি’ রেস্টুরেন্টে একটি চ্যারিটি ব্রাঞ্চ আয়োজনের মধ্য দিয়ে এই তহবিল সংগৃহীত হয়। অনুষ্ঠানে ম্যাকার্থার অঞ্চলের দুই দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন হিউজের ফেডারেল সংসদ সদস্য ডেভিড মনক্রিফ এমপি, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড, সংসদ সদস্য আনুলাক চান্থিভং, ডেপুটি মেয়র কাউন্সিলর মাসুদ চৌধুরী, খলিল মুহাম্মদ মাসুদ, সম্মানিত আদিবাসী প্রবীণ আঙ্কেল ডেভিড বেল, মোহাম্মদ শফিকুল আলম, উষা খাডকা, মদন রাউতসহ দুই কমিউনিটির প্রতিনিধিরা।
অনুষ্ঠানের অন্যতম মূল আয়োজক ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ জানান, প্রবাসে থাকলেও বিশ্বের যেকোনো প্রান্তের মানুষের দুর্যোগে এগিয়ে আসা তাদের নৈতিক দায়িত্ব। নেপালের সংকটময় মুহূর্তে তাঁদের পাশে দাঁড়ানোই ছিল এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য। প্রবাসী সদস্যদের এই অংশগ্রহণ শুধু অর্থ সংগ্রহের কর্মসূচি নয়, বরং এটি প্রবাসী বাংলাদেশি ও নেপালি সম্প্রদায়ের সৌহার্দ্য ও সংহতির এক অনন্য দৃষ্টান্ত।
এদিকে, সম্প্রতি ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র পদে নির্বাচিত হওয়ায় কাউন্সিলর মাসুদ চৌধুরীকে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে অতিথিরা তাঁর নতুন দায়িত্বকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে এলাকার বহুসাংস্কৃতিক ভিত্তি আরও সুদৃঢ় হবে। সীমানার প্রাচীর পেরিয়ে এই মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার মাটিতে প্রবাসী সম্প্রদায়ের বন্ধুত্বের বন্ধনকে এক নতুন উচ্চতায় উন্নীত করেছে।

