আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের মেয়র প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৩ সেপ্টেম্বর) দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (এমপি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। ঢাকার দুই সিটিতে নাগরিক সেবা জোরদার ও রাজনৈতিক উপস্থিতি সুদৃঢ় করতেই এ প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
মেয়র প্রার্থী ঘোষণার পাশাপাশি রাজধানীর দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের নিয়ে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি উপস্থিত সর্বস্তরের নেতা-কর্মীদের নির্বাচনকেন্দ্রিক সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন এবং মাঠপর্যায়ে নির্বাচনী কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
দলীয় প্রধান তাঁর দিকনির্দেশনায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ করা এবং ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করার ওপর জোর দেন। একই সঙ্গে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য নেতা-কর্মীদের বিশেষ আহ্বান জানানো হয়।
এ ছাড়া দেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় পতিত ও পলাতক আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতার প্রতি কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন এনসিপির আহ্বায়ক। নির্বাচনী প্রচারণার পাশাপাশি নগরবাসীদের নিরাপত্তায় সতর্ক থাকার জন্য তিনি কর্মীদের প্রস্তুত থাকতে বলেন।
উক্ত গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার এবং উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এ ছাড়া দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও মহানগর নেতারা সভায় উপস্থিত থেকে নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়নে নিজ নিজ মতামত ব্যক্ত করেন।

