প্রধান খবর

গুজবে দিনাজপুরে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়, সংকটের তথ্য নাকচ

সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় দিনাজপুরের বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। তবে ফিলিং স্টেশন মালিক ও জ্বালানি তেল পরিবেশকরা জানিয়েছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সংকটের কোনো আশঙ্কা নেই।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। সংশ্লিষ্টদের মতে, গুজবের প্রভাবে একসঙ্গে অতিরিক্ত গ্রাহক তেল কিনতে আসায় সাময়িক চাপ সৃষ্টি হয়েছে। এতে কিছু স্টেশনে রাতের দিকে পেট্রোল ও অকটেনের মজুত সাময়িকভাবে শেষ হলেও এটি সরবরাহ সংকটের কারণে নয়।

স্থানীয় ফিলিং স্টেশন মালিকরা জানান, পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং নিয়মিত সরবরাহ অব্যাহত আছে। তারা গুজবে বিভ্রান্ত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহের আহ্বান জানিয়েছেন।

দিনাজপুর জেলা পেট্রোল পাম্প জ্বালানি তেল পরিবেশক সমিতির প্রতিনিধিরাও জানিয়েছেন, জ্বালানি তেলের সরবরাহে কোনো ঘাটতি নেই। স্বাভাবিকের তুলনায় গ্রাহকের সংখ্যা বেড়ে যাওয়ায় চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত তেল কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *