প্রধান খবর

হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু: নতুন আক্রান্ত ১,০৩৭

দেশে হামের প্রাদুর্ভাব ও উপসর্গ নিয়ে প্রাণহানির ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭ জন রোগী।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন ও হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদন থেকে এ উদ্বেগজনক তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে আরও ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই একই সময়ে ল্যাব নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে অন্য কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৭০৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে, ল্যাবে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ জন শিশু। ফলে এই চার মাসে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে। এদিকে আক্রান্তের সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে ১৩৩ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিহ্নিত হয়েছে আরও ৯০৪ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হিসাব মতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৭৮ জনে। আশার কথা হলো, চিকিৎসাধীন রোগীদের মধ্যে এ পর্যন্ত ৯৯ হাজারের বেশি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তবে শিশুদের সুরক্ষিত রাখতে দ্রুত টিকাদান ও সার্বিক স্বাস্থ্যব্যবস্থা জোরদার করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *