প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এই জামিনের ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই জামিন আদেশ মঞ্জুর করেন। এর আগে প্রতারণার দায়ে বিচারিক আদালতে দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৮ সালে দায়েরকৃত একটি প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত করে চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ে একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গুলশান থানা পুলিশ অভিযান চালিয়ে বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করে। এরপর তাঁকে বিচারিক আদালতের মাধ্যমে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

