সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET/নিট)-র প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জে রূপ নিয়েছে। টানা আন্দোলনের মুখে হট্টগোলের কারণে স্থগিত হয়ে গেছে ভারতের সংসদ অধিবেশন। বুধবার (২২ জুলাই) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলা এই প্রশ্নফাঁস কে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এখন দেশব্যাপী দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বুধবারে দিল্লির রাজপথে রাহুল গান্ধীর নেতৃত্বে কালো পোশাক পরিহিত বিরোধী এমপিরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্ল্যাকার্ড হাতে ব্যাপক বিক্ষোভ প্রর্দশন করেন। পরে তাঁরা সংসদ কক্ষে প্রবেশ করে পুলিশের কথিত সহিংসতা ও প্রশ্নফাঁস নিয়ে আলোচনার দাবিতে সোচ্চার হলে সংসদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র এই আন্দোলন শিক্ষাবিদ ও অধিকারকর্মী সোনম ওয়াংচুকের অনশন পালনের পর থেকে এক বিশাল গণআন্দোলনে পরিণত হয়েছে। বুধবার দিল্লির যন্তর মন্তরে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার তরুণ অবস্থান নেন। সিজেপির দমন-পীড়নের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে মঙ্গলবার রাতে আটক ও পরে মুক্ত হন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা। আন্দোলনের প্রভাবে দিল্লির কেন্দ্রীয় ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে এবং মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, আহমেদাবাদসহ পুরো ভারতে এর রেশ ছড়িয়ে পড়েছে।
এদিকে তীব্র সমালোচনার মুখে অবশেষে নীরবতা ভেঙেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি জানান, সরকার সংসদে নিট পরীক্ষা ও পরীক্ষাব্যবস্থা সংস্কার নিয়ে শতভাগ আলোচনার জন্য প্রস্তুত। তবে বিরোধী দল রাহুল গান্ধীকে ইঙ্গিত করে তিনি বলেন, শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হওয়ার যোগ্য নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে চাকরি সংকট ও ঘন ঘন প্রশ্নফাঁস নিয়ে তরুণদের জমে থাকা ক্ষোভই এখন মোদি সরকারের জন্য এক বিশাল সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।

