শেখ হাসিনা কখনোই আর বাংলাদেশে ফিরতে পারবেন না এবং এদেশে তাঁর লাশ জানাজা কিংবা কবর পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, শেখ হাসিনাকে দিল্লির অন্ধকার প্রকোষ্ঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে।
গত সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জুলাই স্মৃতিস্তম্ভের পাশে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে সরোয়ার তুষার বলেন, একজন মুসলমানের সন্তান হিসেবে এ দেশে জানাজা ও কবর না পাওয়া এর চেয়ে বড় কলঙ্কের আর কিছু হতে পারে না। বক্তব্যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মন্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে গণভোটের পক্ষে কথা বলে এখন সেটিকে ‘অবৈধ’ বলা হচ্ছে। যদি গণভোট অবৈধ হয়, তবে বিএনপি দলটির ভিত্তি এবং বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণও অবৈধ বলে তিনি দাবি করেন। গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথ ছাড়বে না বলেও হুশিয়ারি দেন তিনি।
পিরোজপুর জেলা এনসিপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও জেলা সদস্যসচিব মাইনুল আহসান মুন্নার সঞ্চালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. শামীম হামিদী।

