প্রধান খবর

দল থেকে বহিষ্কার জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে?

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার (২২ জুলাই) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর মিন্ট রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। দলীয় গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত এবং বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন তরুণী ও ব্যক্তিগত ক্যাডার বাহিনী সংক্রান্ত বিতর্কিত বিষয় ছড়িয়ে পড়ার পর দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। যদিও গাজী নজরুল ইসলাম ও সংশ্লিষ্টদের দাবি ছিল এটি তাঁদের বৈধ বৈবাহিক সম্পর্ক, তবুও নানামুখী বিতর্কের জেরে তাঁর নিজ এলাকায় ইতিমধ্যে বিক্ষোভ ও অবাঞ্ছিত ঘোষণার মতো ঘটনা ঘটে। এরপরই এই সিদ্ধান্ত এলো।

দল থেকে বহিষ্কৃত হলেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ কিন্তু তাৎক্ষণিকভাবে শূন্য হচ্ছে না। সংবিধানের ধারা ও আইন বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী: সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কেবল দু’টি ক্ষেত্রেই আসন শূন্য হয়-যদি নির্বাচিত সদস্য নিজে দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন। দল কর্তৃক বহিষ্কারের কারণে সংক্রিয়ভাবে এমপি পদ বাতিল হয় না। এছাড়া, ফৌজদারি অপরাধ বা আদালতে অন্য কোনো নৈতিক স্খলনের দায়ে দুই বছরের বেশি সাজা বা সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী অযোগ্য ঘোষিত না হওয়া পর্যন্ত আইনি কাঠামোর ভেতরেই তিনি এমপি হিসেবে বহাল থাকতে পারেন এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, কোনো অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে গাজী নজরুল নিজে পদত্যাগ করলে আসনটি শূন্য হবে এবং নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজিত হবে।

ফলে জামায়াত থেকে দলীয়ভাবে চূড়ান্ত ছাঁটাই হলেও আইনি জটিলতা বা নিজ থেকে পদত্যাগ না করা পর্যন্ত গাজী নজরুল ইসলাম আপাতত স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য পদে বহাল থাকছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *