প্রধান খবর

মেজর (অব.) মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার গ্রেপ্তার হওয়া আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একই ব্যক্তির বিরুদ্ধে সেনা আইন ও ফৌজদারি আইনে একযোগে বিচার করার বিধান নেই।

সোমবার (২০ জুলাই) বিজিবি সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেনা আইনে বিচারের জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই মামলায় আগে যেসব আসামির বিচার সামরিক আদালতে হয়েছে, সেই রায়ের আলোকে জেনারেল কোর্ট মার্শাল প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। কোর্ট মার্শালের কার্যক্রম শেষে প্রয়োজন হলে পরবর্তী আইনগত বিষয়ও বিবেচনা করা হবে।

এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মিয়ানমারের চলমান সংঘাতের কারণে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ল্যান্ডমাইন শনাক্তে বিজিবিকে বিশেষ যন্ত্রপাতি দেওয়া হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *