চেক প্রজাতন্ত্রের সরকার কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয় এবং গ্রামার স্কুলের নিম্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে একটি বিল অনুমোদনের প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশ এবং শিক্ষামন্ত্রী রবার্ট প্লাগা যৌথভাবে এ প্রস্তাব উত্থাপন করেছেন। প্রস্তাবিত আইনে শুধু শ্রেণিকক্ষ নয়, স্কুলের বিরতি, ক্যাফেটেরিয়া এবং স্কুল-পরবর্তী কার্যক্রমেও মোবাইল ফোন ও অনুরূপ ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
তবে চিকিৎসাজনিত প্রয়োজন কিংবা বিশেষ শিক্ষাগত চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য এ নিষেধাজ্ঞায় ব্যতিক্রম রাখা হয়েছে। এছাড়া শিক্ষামূলক কার্যক্রম বা শিক্ষা সফরের ক্ষেত্রে প্রয়োজন হলে স্কুল কর্তৃপক্ষ মোবাইল বা সংশ্লিষ্ট ডিভাইস ব্যবহারের অনুমতি দিতে পারবে।
অন্যদিকে, শিশু অধিকারবিষয়ক ওমবাডসম্যান মার্টিন বেনেশ এ উদ্যোগের সমালোচনা করে বলেন, শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের নিয়ন্ত্রণে স্কুলগুলোর নিজস্ব নীতিমালাই যথেষ্ট। এ কারণে নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মনে করেন না।

