পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস। রোববার (১৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করা হয়।
অবিরাম বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং যানবাহন চলাচল ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। প্রয়োজন ছাড়া অধিকাংশ মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। এছাড়া নিম্নাঞ্চলের কিছু আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার শঙ্কাও দেখা দিয়েছে।
টানা বৃষ্টির কারণে চা শ্রমিক, পাথর শ্রমিক, দিনমজুর, ভ্যান ও অটোরিকশাচালকসহ খেটে খাওয়া মানুষের আয়-রোজগার কমে গেছে। এতে পরিবার-পরিজন নিয়ে উদ্বেগে পড়েছেন অনেকেই। নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেলে জলাবদ্ধতা ও কৃষিজমির ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং সাগরের লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় উত্তরাঞ্চলে জলীয় বাষ্পের আধিক্য সৃষ্টি হয়েছে। এ কারণে আগামী এক সপ্তাহও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

