চার দশক পর আবারও ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে নিজ নিজ প্রতিপক্ষকে পরাজিত করে শেষ চার নিশ্চিত করেছে দুই দল। ফলে ১৯৮৬ সালের ঐতিহাসিক লড়াইয়ের স্মৃতি নতুন করে ফিরে আসছে ফুটবলপ্রেমীদের মাঝে।
ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে শেষ চার নিশ্চিত করে। দুই দলের এই লড়াই বিশ্বকাপের অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ এবং ‘শতাব্দীর সেরা গোল’ ফুটবল ইতিহাসের অবিস্মরণীয় দুটি মুহূর্ত হিসেবে স্বীকৃত। সেই ম্যাচ শুধু ক্রীড়াঙ্গনেই নয়, ১৯৮২ সালের ফকল্যান্ডস যুদ্ধের প্রেক্ষাপটে দুই দেশের রাজনৈতিক ও আবেগঘন সম্পর্কের কারণেও বিশেষ গুরুত্ব বহন করে।
এবারের আসরে টমাস টুখেলের অধীনে ইংল্যান্ড এবং লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা কঠিন পথ পেরিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ইতিহাসের পুনরাবৃত্তি নাকি নতুন অধ্যায়ের সূচনা—সেদিকেই এখন ফুটবল বিশ্বের দৃষ্টি।

