প্রধান খবর

১২-২০ গ্রেডের সরকারি কর্মচারীদের রেশন সুবিধা চালুর উদ্যোগ

সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ১২ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ-সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি মিলেছে। বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে অর্থ বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বিবেচনায় নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের আর্থিক চাপ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের আশা, রেশন সুবিধা চালু হলে কর্মীদের জীবনযাত্রা সহজ হবে এবং কর্মদক্ষতা ও দাপ্তরিক কার্যক্রমে আরও ইতিবাচক প্রভাব পড়বে।

গত মে মাসে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ১২ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাব উত্থাপিত হয়। পরবর্তীতে বিষয়টি বাস্তবায়নের জন্য অর্থ বিভাগে পাঠানো হয়। একই সঙ্গে অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ ও প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্তমানে সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবিসহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের সদস্যরা সরকার নির্ধারিত সুলভ মূল্যে রেশন সুবিধা পেয়ে থাকেন। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে প্রথমবারের মতো ১২ থেকে ২০ গ্রেডের সাধারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও এ সুবিধার আওতায় আসতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *