দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, বন্যাকবলিত মানুষের পাশে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।
শনিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ এবং নাজিরহাট পৌরসভার রশিদাপুকুর এলাকায় হালদা নদীর ভাঙন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দুর্গত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
তিনি বলেন, ফটিকছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু ফটিকছড়ি নয়, দেশের অন্যান্য বন্যাকবলিত এলাকাতেও সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

