ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের কাছ থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের অপচেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
শনিবার প্রকাশিত এক সতর্কবার্তায় প্রতিষ্ঠানটি জানায়, প্রতারকরা টেলিফোন, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, মোবাইল নম্বর এবং বেতন-ভাতাসংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
ইসলামিক ফাউন্ডেশন স্পষ্ট করেছে, তাদের প্রধান কার্যালয় বা জেলা-উপজেলা কার্যালয় কখনোই অননুমোদিত ব্যক্তি বা নম্বরের মাধ্যমে এ ধরনের গোপন তথ্য সংগ্রহ করে না। কোনো আর্থিক সুবিধা, ভাতা বা সরকারি সহায়তার কথা বলে ওটিপি, পিন নম্বর বা ব্যাংকিং তথ্য চাইলে তা প্রতারণা হিসেবে বিবেচনা করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে কেউ কোনো তথ্য বা অর্থ দাবি করলে তা সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ের মাধ্যমে যাচাই করতে হবে। পাশাপাশি প্রতারণার কোনো ঘটনা বা সন্দেহজনক যোগাযোগ হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইসলামিক ফাউন্ডেশনকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

