মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে হত্যাচেষ্টা চালানো হলে যুক্তরাষ্ট্র পূর্বপ্রস্তুত ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক জবাব দেবে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি রয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান পরিচালনার নির্দেশনা আগেই সংশ্লিষ্ট বাহিনীকে দেওয়া হয়েছে।
এর আগে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প একই ধরনের মন্তব্য করেন। তিনি জানান, নিজের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বড় ঘটনা ঘটলে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, সে বিষয়ে সামরিক বাহিনীকে বিস্তারিত নির্দেশনা দিয়ে রেখেছেন।
সম্প্রতি হরমুজ প্রণালিতে জ্বালানিবাহী ট্যাংকারে হামলা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে। এ পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের এমন বক্তব্য দুই দেশের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

