কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী একটি স্লিপার বাসে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির হেলপার শেখ রাতুল (২৩) গ্রেপ্তার হয়েছেন। তবে অভিযানের সময় বাসচালক পালিয়ে যান।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ বাস টার্মিনালে অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকাগামী একটি স্লিপার বাসে তল্লাশি চালিয়ে ৪ ও ৫ নম্বর স্লিপার সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার চালান উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া মাদকদ্রব্য কক্সবাজার থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। জব্দকৃত ইয়াবার চালানসহ বাসের হেলপারকে আটক করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মাদকের চালান উদ্ধার করা সম্ভব হয়েছে। পলাতক বাসচালককে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।

