প্রধান খবর

বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের জন্য নতুন ই-ভিসা সুবিধা চালু করল সৌদি

বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজ করতে নতুন সমন্বিত ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা (ই-ভিসা) সেবা চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় রিটার্ন বিমান টিকিট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসা একই বুকিংয়ের মাধ্যমে সম্পন্ন করা যাবে। ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এ সুবিধা পাবেন। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে আরও দেশের নাগরিকদের জন্য এই সেবা সম্প্রসারণ করা হবে।

নতুন ব্যবস্থার আওতায় অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুকিং সম্পন্ন করলে ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে। ভ্রমণকারীরা ইমেইলের মাধ্যমে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথি গ্রহণ করবেন। বর্তমানে ‘রিজারভাল’ ও ‘আলমোসাফ’ এ সেবা প্রদানের অনুমোদন পেয়েছে।

এই ভিসার মেয়াদ হবে তিন মাস এবং একবার সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে। ভিসাধারীরা সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। তবে এই প্যাকেজে উমরাহ-সংক্রান্ত কোনো সেবা অন্তর্ভুক্ত নয়, যদিও ভিসাধারীরা সৌদি আরবে অবস্থানকালে মক্কা ও মদিনাসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *