যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে বৈশ্বিক তেলবাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) সতর্ক করে জানিয়েছে, এই উত্তেজনা তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রক্রিয়াকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলেছে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আইইএ জানায়, গত মাসে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বাজার ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করেছিল। কিন্তু নতুন করে সংঘাত বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। সংস্থাটির তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলের সরবরাহ কমে গেছে। এই ঘাটতি ও মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
জাতিসংঘের এই সংস্থা আরও জানিয়েছে, প্রণালি পুনরায় খুলে দেওয়ার পর জুন মাসে বিশ্বব্যাপী তেল সরবরাহ দৈনিক ৪১ লাখ ব্যারেল বেড়েছে। তবে যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় সরবরাহ এখনও দৈনিক ৯৪ লাখ ব্যারেল কম। আইইএর পূর্বাভাস অনুযায়ী, পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২০২৭ সালে দৈনিক ৪৬.২ লাখ ব্যারেল উদ্বৃত্ত থাকতে পারে। অন্যদিকে ২০২৬ সালে দৈনিক ৮ লাখ ৬০ হাজার ব্যারেল ঘাটতি দেখা দিতে পারে।
আইইএ তাদের সর্বশেষ মাসিক প্রতিবেদনে বলেছে, মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকায় উৎপাদন ও রপ্তানি ব্যাহত হচ্ছে। এর ফলে ২০২০ সালের পর প্রথমবারের মতো চলতি বছরে বিশ্বব্যাপী তেলের চাহিদা কমার পথে রয়েছে।

