প্রধান খবর

দুমকীর ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট

পটুয়াখালীর দুমকী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রায় ৭১ শতাংশে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। উপজেলার ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৪টিতে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে মাত্র ১৬টি বিদ্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন। এছাড়া ১৯টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং ২৫টি বিদ্যালয়ে চলতি দায়িত্বে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। ফলে বিদ্যালয় পরিচালনা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও প্রশাসনিক কার্যক্রমে নানা জটিলতা তৈরি হচ্ছে।

সংশ্লিষ্ট শিক্ষকদের মতে, প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকদের পাঠদানের পাশাপাশি প্রশাসনিক দায়িত্বও পালন করতে হচ্ছে। এতে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দেওয়া ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে, যা শিক্ষার মানের ওপরও প্রভাব ফেলছে।

এদিকে, অভিভাবকরা দ্রুত শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলিন চন্দ্র দেবনাথ বলেন, ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্বে কার্যক্রম পরিচালিত হলেও এটি স্থায়ী সমাধান নয়। দ্রুত নিয়োগ সম্পন্ন হলে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *