প্রধান খবর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই: ব্যারিস্টার রুমিন ফারহানা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো নিষেধাজ্ঞা বা বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানান, দেশের প্রচলিত আইন অনুযায়ী যে কেউ দেশে ফিরতে পারেন এবং শেখ হাসিনার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন দিবসের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের উচ্চপর্যায়ের দুটি ভিন্ন বক্তব্য সামনে আসে। চিফ প্রসিকিউটর বলছেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি দেশে ফিরতে পারবেন না—সাংবাদিকদের এমন দ্বিমুখী বক্তব্যের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা স্পষ্ট করে বলেন, “আইনগতভাবে অবশ্যই তাঁর দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি দেশে ফিরবেন, ফিরে আদালতের কাছে আত্মসমর্পণ করবেন এবং আইনি প্রক্রিয়ায় জামিন চাইবেন। আমাদের দেশের যে স্বাভাবিক ও প্রচলিত আইনি প্রক্রিয়া রয়েছে, তিনি মূলত সেটিই অনুসরণ করবেন।”

একই সময়ে জাতীয় রাজনীতিতে আলোচিত বিরোধী দলের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রসঙ্গেও নিজের মতামত ব্যক্ত করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে বিরোধী দলে যারা থাকে, তাদের ছায়া মন্ত্রিসভা গঠন করার একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি রয়েছে। সেই জায়গা থেকে আমাদের দেশেও যদি ওনারা এটি গঠন করেন, তবে অবশ্যই আমরা সবাই এটিকে সাধুবাদ জানাই।”

ব্যারিস্টার রুমিন ফারহানা আরও যোগ করেন, ছায়া মন্ত্রিসভার মাধ্যমে ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক গঠনমূলক পরিকল্পনা পেশ করেন এবং বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কোথায় কী ভুলভ্রান্তি হচ্ছে, তা সুনির্দিষ্টভাবে ধরিয়ে দেন, তবে তা দেশের জন্য কল্যাণকর হবে। ওনারা যদি রাষ্ট্র পরিচালনায় পজিটিভ কোনো ফিডব্যাক বা পরামর্শ দেন যে ঠিক কী করলে আরও ভালো হয়, তবে বর্তমান সরকারের পক্ষ থেকে অবশ্যই সেটিকে স্বাগত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *