প্রধান খবর

হামে শিশুর মৃত্যুর অভিযোগে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। রোববার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শিশুটির বাবা সিরাজুল ইসলাম এ আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং আবেদনের ওপর আদেশ অপেক্ষমাণ রেখেছেন। মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, বাদীর ৯ মাস বয়সী কন্যা সাউদা নুসকান হামে আক্রান্ত হয়ে মারা যায় এবং এ ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

মামলায় ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, সাবেক প্রেস সচিব শফিকুল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফরকে আসামি করার আবেদন করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, শিশুটি অসুস্থ হওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাসেবায় অবহেলা এবং টিকার পর্যাপ্ত সরবরাহ না থাকাসহ বিভিন্ন কারণে তার মৃত্যু হয়েছে।

এদিকে, এর আগে একই ধরনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও দুটি মামলার আবেদন আদালতে করা হলেও সেগুলো খারিজ হয়ে যায়। সর্বশেষ আবেদনের বিষয়ে আদালতের সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *