বগুড়ার শাজাহানপুরে আট বছর বয়সী শিশু রিফাত হোসেন হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, নিহত রিফাত হোসেন শাজাহানপুর উপজেলার খাদাস হাটখোলা এলাকার এনামুল হকের ছেলে। আসামিরা সবাই তাদের প্রতিবেশী ও পরিচিত ছিলেন। ২০১৮ সালের ১৫ জুলাই রিফাতকে হত্যা করে মরদেহ গুম করা হয়। তিন দিন পর ১৮ জুলাই মরদেহ উদ্ধার হলে রিফাতের বাবা এনামুল হক শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।
আদালত সূত্র জানায়, এনামুল হক প্রবাস থেকে দেশে ফেরার পর প্রধান আসামি আবুল কালাম আজাদ বিভিন্ন সময় তার কাছে টাকা দাবি করতেন। ঘটনার দিনও তিনি ১ লাখ টাকা ধার চান। এনামুল টাকা দিতে অস্বীকৃতি জানালে সেদিন বিকেল থেকেই নিখোঁজ হয়ে যায় রিফাত। পরে তদন্তে বেরিয়ে আসে, এই বিরোধ থেকেই শিশুটিকে হত্যা করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন-শাজাহানপুর উপজেলার খাদাস এলাকার আবুল কালাম আজাদ, সাগর, সেলিম ইসলাম, মেহেদী হাসান ও রাজু ইসলাম পাঁচফুল। এদের মধ্যে সাগর ও সেলিম ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক।
অপরদিকে, অপরাধ সংঘটনের সময় নাবালক হওয়ায় আরও পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন সজিব হাসান, মফিজুল ইসলাম, জাহিদ হাসান, বোরহান আলী ও বায়েজিদ হোসেন। সবাই একই এলাকার বাসিন্দা।
এই রায়ের মাধ্যমে দীর্ঘ আট বছরের বিচারপ্রক্রিয়ার অবসান হলো, তবে পরিবার এখনো সন্তানের জন্য ন্যায়বিচারের পূর্ণ বাস্তবায়নের অপেক্ষায়।

