প্রধান খবর

সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী নারী (৩০) রাস্তার পাশের যাত্রী ছাউনিতে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরজব্বর থানা মোড়ের যাত্রী ছাউনিতে এই ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অসহায় এই নারীর সন্তানের পিতৃপরিচয় নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই-তিন বছর ধরে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ছমিরহাট এলাকার এই মানসিক প্রতিবন্ধী নারী সুবর্ণচর উপজেলা পরিষদ ও চরজব্বর থানা সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতেন। অসহায় ও ভবঘুরে এই নারী একপর্যায়ে গর্ভবতী হয়ে পড়েন। শুক্রবার বিকেলে হঠাৎ ওই যাত্রী ছাউনিতেই তিনি প্রসববেদনায় ছটফট করতে থাকেন এবং একটি সুস্থ পুত্রসন্তান জন্ম দেন। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ভিড় জমান।

পরবর্তীতে স্থানীয় সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছোটেন। তাঁরা ওই প্রসূতি নারী ও নবজাতককে যাত্রী ছাউনি থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসূতি ও নবজাতক দুজনেই বর্তমানে সুস্থ আছেন।

মানসিক প্রতিবন্ধী হওয়ায় ওই নারী নিজের সঠিক নাম, ঠিকানা বা সন্তানের বাবার পরিচয় বলতে পারছেন না। স্থানীয়দের ধারণা, কোনো সুযোগ সন্ধানী ও লম্পট ব্যক্তি ওই নারীর অসহায়ত্বের সুযোগ নিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করায় তিনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন। এদিকে শিশুটির জন্মের পর স্থানীয় এক নারী নবজাতকটিকে দত্তক নেওয়ার তীব্র আগ্রহ প্রকাশ করেছেন। তবে এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার পেছনে দায়ী ব্যক্তিকে খুঁজে বের করতে এবং শিশুটির পিতৃপরিচয় শনাক্তে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *